আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৭ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৭:২০
শিরোনাম

By: মুক্তি বার্তা

জামিন পেলেন বিসিসির সাবেক মেয়র কামাল

ফাইল ছবি

 রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি  
অর্থ আত্মসাতের দুর্নীতি  মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তাকে জামিন দেয়।

এর ফলে আহসান হাবিবের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতে আহসান হাবিবের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন একেএম ফারহান।

দুর্নীতির মামলায় গত বছরের নভেম্বরে আহসান হাবিবসহ ৫ জনকে ৭ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক।

ওই রায়ে দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হচ্ছেন বরিশাল পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী খান মুহাম্মদ নুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার ও নগরীর কালিবাড়ী রোড এলাকার জাকির হোসেন।

তাদের বিরুদ্ধে ২০০০ সালের ১১ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা আবদুল বাছেত। এরপর দীর্ঘ শুনানি শেষে গত বছর রায় দেয় বিচারিক আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার সময় আসামিরা বরিশাল পৌরসভার দায়িত্বে ছিলেন। আহসান হাবিব কামাল পৌর চেয়ারম্যান ও অন্যান্যরা পৌরসভায় কর্মরত অবস্থায় ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত পরস্পর যোগসাজশে পৌর এলাকার টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের নামে ভুয়া জাল প্যাড তৈরি করে, ভুয়া দরপত্রের মাধ্যমে ভুয়া ঠিকাদার নিয়োগ দেখিয়ে প্রতারণা ও জালিয়াতি করে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চলতি হিসাব খুলে টেলিফোন সংস্থার দেয়া ৩৯ লাখ ৫০ হাজার টাকা চারটি চেকের মাধ্যমে উত্তোলন করেন। এর মধ্যে ১১ লাখ ৯৯ হাজার টাকার রাস্তা মেরামত দেখিয়ে বাকি ২৭ লাখ ৬০ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেন তারা।’’

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন