আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ফাল্গুন ১৪৩২ ● ১২ই মার্চ ২০২৬ ● ২২শে রমযান ১৪৪৭ ● দুপুর ২:৪৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

ইবি উপাচার্যের দুর্নীতির তদন্ত শেষে ক্যাম্পাস ছাড়লেন ইউজিসি টিম

ফাইল ছবি

রানা আহম্মেদ অভি, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্তে সরজমিনে এসে তদন্ত শেষে ক্যাম্পাস ছেড়েছেন ইউজিসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির দল।
সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে দিনব্যাপী ইউজিসির তিন সদস্যের তদন্ত কমিটি এসব অনিয়ম নিয়ে বিভিন্ন দপ্তর প্রধানের সাথে কথা বলেন।
ইউজিসির সদস্য ড. মো. আবু তাহেরের নেতৃত্বে তদন্ত কমিটি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদীয় ডীন, বিভিন্ন দপ্তর প্রধান, রেজিস্ট্রার।
এছাড়াও প্রকল্প পরিচালক, অর্থ পরিচালক, প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুদক কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা সাইদুর রহমানের সাথে আলাদা আলাদা কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্টদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন তদন্ত কমিটি।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমাদের টিম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত নিয়োগ সংক্রান্ত উপাচার্যের অন্তত এক ডজনের বেশি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অডিওতে পরীক্ষার আগেই চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ইউজিসি উপাচার্যের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

ফেসবুকে লাইক দিন