আজঃ মঙ্গলবার ● ১৯শে ফাল্গুন ১৪৩২ ● ৩ মার্চ ২০২৬ ● ১২ই রমযান ১৪৪৭ ● রাত ২:০৬
শিরোনাম

By মুক্তি বার্তা

ইলিশ এখন সবাই খেতে সক্ষম কেন?

দাম কমে গেছে ইলিশের। যেথায় বাঙালী কল্পনা করতে পারতো না ইলিশ পাতে তোলার। সেখানে সব শ্রেণির মানুষের বাড়িতে চলছে ইলিশ খাওয়ার প্রতিযোগিতা।

গত ২০শে মে থেকে ২৩শে জুলাই, টানা ৬৫ দিন ইলিশ মাছ মারার নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য অধিদপ্তর।

তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারও অনেক আগে থেকেই বন্ধ হয়ে যায় ইলিশ মাছ ধরার স্বাভাবিক কার্যক্রম। নিষেধাজ্ঞা উঠে যায় ২৩ জুলাই। শুরু হয় প্রতিযোগিতা মূলক ইলিশ ধরা। জেলেরা ট্রলার, বোট সঙ্গী করে চলতে থাকে ইলিশের খোঁজে।

বিশেষজ্ঞদের মতে অনেকদিন মাছ ধরা বন্ধ থাকায় ইলিশের প্রজন্ম বেড়ে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে ইলিশ। ধরা পড়ছে তাই ঝাকে ঝাকে।

বিগত কয়েক বছর ধরে সরকার পর্যায়ক্রমে কিছু পদক্ষেপ হাতে নেয়ার কারণে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মনে করেন ইলিশ গবেষক নিয়ামুল নাসের।

সবার আগে তিনি জাটকা ও মা ইলিশের বিচরণক্ষেত্র সংরক্ষণের বিষয়টি তুলে আনেন।

ইলিশের উৎপাদন বাড়ার কারণ হিসেবে মি. নাসের জানিয়েছেন, বাংলাদেশের নদীর পানির গুনাগণ ও প্রবাহ ইলিশের প্রজননের জন্য এখনও অনুকূলে আছে। এ কারণে ডিমওয়ালা মা ইলিশ সাগর থেকে স্রোতযুক্ত মিঠাপানির নদীতে এসে ডিম ছাড়ে।

তিনি বলেন, “ইলিশ মাছ জুলাই মাসের দিকে সমুদ্র থেকে নদীতে আসতে শুরু করে। এ সময় তারা পদ্মার দিকেই আসে। কারণ পদ্মার পানির স্তর ও গভীরতা অন্য নদীর চাইতে তখন বেশি। এ কারণে এতো বেশি মাছ পাওয়া যায়।”

এছাড়া সামুদ্রিক নিম্নচাপ এবং সাইক্লোনের একটা প্রভাব থাকার কারণেও ইলিশের উৎপাদন বেড়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

কেননা ওই সময়টায় জেলেরা ট্রলার নিয়ে মাছ ধরতে যেতে পারেনা। এই সময়ে ইলিশ বড় হতে সময় পায়। তবে নদীর প্রবাহ ও গভীরতা দিন দিন কমে আসার কারণে এই ইলিশের আহরণ টেকসই থাকবে কিনা সেটা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

প্রথমত, বাংলাদেশের এই নদীগুলো প্রচুর পলি বয়ে আনায় নদীর তলদেশ প্রতিনিয়ত বদলাচ্ছে। এভাবে পলি জমতে জমতে যদি নদীর গভীরতা ও পানি প্রবাহ কমে যায় তাহলে ইলিশ আর নদীতে আসতে চাইবে না বলে আশঙ্কা ইলিশ গবেষকদের।

এই ইলিশ মূলত সমুদ্র থেকে ছোট ছোট শাখা নদীর মাধ্যমে বড় নদীগুলোয় প্রবেশ করে। সেই ছোট শাখার অনেকগুলো পলি জমে বন্ধ হতে থাকায় ভবিষ্যতে ইলিশের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইলিশ মাছের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত কয়েক বছর ধরে দেশব্যাপী ইলিশ আহরণ নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ আদেশ অমান্য করলে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এ কারণে এখন আর আগের মতো বছরব্যাপী অবাধে ইলিশ আহরণের সুযোগ নেই। (সুত্রঃ বিবিসি ডট কম)

মুবার্তা/এস/ই

 

ফেসবুকে লাইক দিন