By: মুক্তি বার্তা
ক্যালেন্ডারের খসড়া লিপিতে ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ
ইমন মাহমুদ, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে শোকজ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের খসড়া লিপিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানান ভুলের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শোকজ করেন।
বুধবার (৯ ডিসেম্বর) উপাচার্যের পি এস আইয়ুব আলী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করার জন্য উপাচার্যের নিকট খসড়া কপি নিয়ে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। খসড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ও শেখ রাসেলের নামের বানান ভুল থাকায় তিনি ক্ষিপ্ত হন। পরে এ ধরণের ভুলকে অনভিপ্রেত উল্লেখ করে আব্দুল লতিফকে ৭ দিনের মধ্যে উপযুক্ত ব্যাখ্যাসহ কারণ দর্শাতে বলা হয়।
এদিকে কয়েকটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বানান ভুল থাকায় উপাচার্য খসড়া ছুড়ে ফেলে দেন। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
ইবির নতুন ভিসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর ক্যালেন্ডারে তাঁর নাম সম্বলিত নতুন করে ক্যালেন্ডার প্রকাশের জন্য জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হককে দায়িত্ব দেয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ক্যালেন্ডারের কাজের সাথে আমি সম্পৃক্ত নই। এটার দায়িত্ব ভিসি মহোদয় জনসংযোগ দফতর প্রধান আতাউল ভাইকে দিয়েছেন। উনি করোনায় আক্রান্ত হওয়ায় তার অনুরোধে আমি উপাচার্য স্যারের কাছে খসড়া দুটি উপস্থাপন করেছিলাম। ক্যালেন্ডারের প্রুভ কপি তৈরির সাথে আমার কোনো সম্পর্ক নেই।
উপাচার্য অধ্যাপক শেখ আব্দুল সালাম সাংবাদিকদের বলেন, রেজিস্টার ক্যালেন্ডারের দুটি খসড়া কপি নিয়ে আমার কাছে এসে ছবি পছন্দ করতে বলেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামের বানানে ভুল পাওয়া যায়। পরে কারণ দর্শানোর নোটিশ প্রদান করি। তবে তিনি ক্যালেন্ডারের খসড়া কপি না ফাইনাল কপি সে বিষয়ে আমাকে কোনো কিছুই অবহিত করেননি।
এ বিষয়ে তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতর প্রধান আতাউল হক বলেন, এটা আসলে রং চুড়ান্ত করার জন্য খসড়া কপি ছিল। অসুস্থ থাকা সত্ত্বেও দ্রুত ছাপানোর জন্য আমি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মাধ্যমে কপি দুটি ভিসি স্যারের নিকট পাঠাই। এটাতে যদি কোন ভুল থাকে তবে আবারও ২-৩ টি খসড়া কপি তারা পাঠাবে, এটাই নিয়ম। যদিও এ ক্যালেন্ডারের ফাইনাল কপি এখনো ছাপানো হয়নি।
মুবার্তা/এস/ই

