By: মুক্তি বার্তা
বরিশালে করোনা আক্রান্ত সেই মা ভালো আছেন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা পরানো অবস্থায় ছেলের মোটরসাইকেলে চড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া সেই শিক্ষিকা মা রেহানা পারভীনের অবস্থা এখন আগের চেয়ে উন্নতির দিকে। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। সোমবার (১৯ এপ্রিল) বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের নার্সিং ইনচার্জ কোহিনূর বেগম শিক্ষিকা রেহানা পারভীনের শারীরিক সুস্থতার খবর নিশ্চিত করেছেন। ১৭ এপ্রিল শনিবার বিকালে মোটরসাইকেলের পেছনে করোনায় আক্রান্ত মাকে বসিয়ে তার অক্সিজেন সাপ্লাই ঠিক রাখতে টিটু শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রেখে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা পরানো অবস্থায় মাকে নিয়ে এসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি করেন। রেহানা পারভীন (৪৮) ঝালকাঠির নলছিটি পৌর শহরে সপরিবারে বসবাস করেন। তিনি নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার ছেলে ঝালকাঠী শাখা কৃষি ব্যাংকের কর্মকর্তা জিয়াউল হাসান টিটু জানান, গত সপ্তাহে তার মায়ের নমুনা সংগ্রহ করা হয় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু এক সপ্তাহেও রিপোর্ট আসেনি। চিকিৎসকদের পরামর্শে তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে আসায় সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। গত ১৭ এপ্রিল শনিবার বিকেলে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। কোনো অ্যাম্বুলেন্স না পাওয়ায় লকডাউনের মধ্যেই তিনি কোমরে সিলিন্ডার বেঁধে মাকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা পরিয়ে মোটরসাইকেলে নিয়ে গিয়ে বশিাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করেন। তিনি জানান, পথিমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রমকালে এক ট্রাফিক সার্জেন্ট তার মোটরসাইকেল থামান। পরে ওই অবস্থা দেখতে পেয়ে চলে যেতে বলেন। ওই সময় তিনি ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন। জিয়াউল হাসান টিটু বলেন, এরপর থেকে অনেকেই ফোন করে তার মায়ের খোঁজ খবর জানতে চেয়েছেন। পরম করুণাময়ের ইচ্ছায় তার মা এখন আগের চেয়ে অনেক ভালো আছেন । বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্টে ডিউটিরত অবস্থায় তিনি ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে করোনার ভয়াবহতা বোঝানোর পাশাপাশি এবং জনসচেতনতা বাড়াতে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। করোনা আক্রান্ত মাকে বাঁচাতে ছেলের মায়ের প্রতি অপার ভালোবাসার এ বিরল ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ‘মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানালেও ঋনের শোধ হবে না’ চিরায়ত এ অমর গানের সেই মায়ের প্রতি অপার ভালোবাসার প্রমান দিয়ে ছেলে টিটুও দৃষ্টান্ত স্থাপন করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।
মুবার্তা/এস/ই

